বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আওতাধীন ১৩টি প্রতিষ্ঠানকে লাভজনক করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে উত্পাদনক্ষমতার সর্বোচ্চ ব্যবহার ও প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়নের উদ্যোগ নিয়ে এগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। শিল্পমন্ত্রী গতকাল রাজধানীর বিসিআইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মো. আবদুল হালিম এবং বিসিআইসি’র চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, শিল্প কারখানা লাভজনক হলে এর সুফল শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা নির্বিশেষে সকলেই উপভোগ করবে এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।