গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে গ্রামীণফোন এবং টেলিনর হেলথ। রবিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং স্বাস্থ্য খাতে টেলিনর হেলথ এর সহযোগীদের উপস্থিতিতে স্থানীয় একটি হোটেলে টনিক উদ্বোধন করা হয়।
 
স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকসহ সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক গবেষণা ও ধারণা উন্নয়নের পথ ধরে সষ্টি হয়েছে টনিক। টনিকের লক্ষ্য, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠির সুস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রাসঙ্গিক থাকা।
 
টনিক সদস্যরা চার ধরনের সুবিধা পাবেন:
 
‘টনিক জীবন’-এর মাধ্যমে টনিক সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থজীবন যাপনে ভালো খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন টিপস ও তথ্য পাবেন।
 
‘টনিক ডাক্তার’ সদস্যদের সুযোগ করে দিবে সপ্তাহের সাত দিন ২৪ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার।
 
‘টনিক ডিসকাউন্ট’ দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে, হাসপাতাল ফি-এর ওপর সর্বোচ্চ ৪০শতাংশ পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ করে দিবে।
 
‘টনিক ক্যাশ’-এর মাধ্যমে এর সদস্যরা তিন রাত কিংবা তারও বেশি হাসপাতালে প্রদত্ত বিল থেকে ৫শ’ টাকা পরিশোধ করা হবে।  
 
এ নিয়ে টেলিনর গ্রুপের ইভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা বিবেক সুদ বলেন, ‘বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর প্রতি টেলিনরের দায়বদ্ধতার একটি উদাহরণ হচ্ছে টনিক। প্রায় দু’ বছর  গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করার ফলে বাংলাদেশের সমাজের সাথে আমার গভীর যোগাযোগ ও বোঝাপড়া তৈরি হয়েছে। বাংলাদেশে টনিক চালু হওয়া আমার জন্য খুবই  আনন্দের বিষয়। প্রযুক্তিগত জ্ঞান ও স্বাস্থ্যখাতে গভীর দক্ষতার মিশেলে তৈরি এই সেবা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় আরও ইতিবাচক আবদান রাখার ব্যাপারে দারুণ রোমাঞ্চিত।
 
 
গ্রামীণফোনের সাড়ে পাঁচ কোটি গ্রাহক বিনামূল্যে টনিকের সাথে যুক্ত হতে এবং নিজ নিজ ‘ভালো থাকার মাস্টার প্ল্যান’ অর্জনে এর বিভিন্ন সুযোগ সুবিধা কাজে লাগাতে পারবেন।