সরকারি কাজে ব্যবহৃত কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। এর ফলে আগামী বছর মে মাস থেকে সরকারি কর্মচারীরা অফিসের কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
সরকারি ইমেইল থেকে তথ্য পাচার ও সাইবার হামলা প্রতিরোধে এই ব্যবস্থা নিচ্ছে সিঙ্গাপুর। সেই সঙ্গে কর্মক্ষেত্রের সব ধরনের তথ্য ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে ফরওয়ার্ড করাও নিষিদ্ধ করা হবে সেখানে।
সরকারের এই সিদ্ধান্ত সিঙ্গাপুরের জনগণকে বিস্মিত করেছে। সরকারের সিদ্ধান্তে অনেক সিঙ্গাপুরবাসী অনলাইনে হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, সিঙ্গাপুরের 'স্মার্ট নেশন' উদ্যোগের সঙ্গে এই সিদ্ধান্ত সাংঘর্ষিক।
সিঙ্গাপুর সরকার ইঙ্গিত দিয়েছে, কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা শিক্ষকদের ওপরও আরোপ করা হতে পারে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে শিক্ষকরা সাধারণত কোন কাজ করেন না। তার পরও শিক্ষকদের এই নিষেধাজ্ঞার আওতায় আনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
এই সিদ্ধান্ত কার্যকর হলে, এক লাখ কম্পিউটার ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করতে হবে।