উক্তি আকারে মেসেজ পাঠানোর সেবা হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এর বেটা সংস্করণের জন্য নতুন আপডেট এনেছে সংশ্লিষ্টরা। এতে জুড়ে দেয়া হয়েছে 'মেসেজ কোট ফিচার'। নতুন এই সেবা ব্যবহারকারীদের চ্যাটের সময় অন্য কারো মেসেজকে কোট করার সুবিধা দেবে।
 
ওয়ান-টু-ওয়ান এবং গ্রুপ চ্যাটের সময় নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে গ্রুপ চ্যাটের বেলায় নতুন ফিচারটি বেশি কাজে লাগবে।
 
ওয়ান-টু-ওয়ান কনভারসেশনে আলাদা করে 'বিশেষ' ব্যবহারকারী বোঝানোর দরকার হয় না, তবে গ্রুপ চ্যাটে বোঝানোর দরকার হয়। আর এক্ষেত্রে কোট করার সেবা অধিক সুবিধা দেবে।
 
শুধু টেক্সটের ক্ষেত্রেই নয়, ছবি বা ভিডিও আদানপ্রদানের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে মেসেজ কোট ফিচারটি।
 
এছাড়াও জিআইএফ ইমেজস পাঠানোর সুবিধা যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে। এতে হোয়াটসঅ্যাপ চ্যাট আরও বেশি রঙিন ও মজাদার হবে। ঠিক কবে নাগাদ এই ফিচার যোগ হবে তা এখনো জানা যায়নি। তবে এর জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেই কানাঘুষা প্রযুক্তিবিশ্বে।
 
একটি ওয়েবসাইট এই খবর জানিয়ে বলেছে, হোয়াটসঅ্যাপ ফর আইওএস বেটা ভার্সন ২.১৬.৭.১ আপডেটে ব্যবহারকারীরা একে অপরকে ‘অটো-প্লে’ হবে এমন জিআইএফ ইমেজ পাঠাতে পারবেন। জিআইএফ ইমেজস গ্যালারি থেকে সরাসরি চ্যাটবক্সে ওই ইমেজ পাঠানো যাবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।