আয়কর ফাঁকি দিতে পাকিস্তানের শিল্পপতি, ব্যবসায়ীদের একটা অংশ সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে দেড় লাখের বেশি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। আর এসব অ্যাকাউন্টে কমপক্ষে ১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার রেখেছে। যার অর্ধেকের উত্স সম্পর্কে কোনো ধারণা নেই পাকিস্তান সরকারের। গতকাল লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বৈঠকে পাকিস্তানের রাজস্ব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাম্মাদ আজহার এ কথা বলেন। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী হাম্মাদ বলেন, ওই সব ব্যাংক অ্যাকাউন্ট যাদের নামে রয়েছে, খাতায়-কলমে তারা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক। পাকিস্তানেই থাকেন। বিভিন্ন দেশে তাদের ১ লাখ ৫২ হাজার ৫০০টি অ্যাকাউন্টে ওই পরিমাণ অর্থ রাখা হয়েছে। শিল্পপতি, ব্যবসায়ীরা কীভাবে আয়কর ফাঁকি দিচ্ছেন সেটা বোঝাতে এই তথ্য দেন তিনি। তার মতে, এই পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হলে পাকিস্তান সরকারকে এইভাবে ঋণের বোঝা বইতে হত না।