ব্যক্তিগত ছবি শেয়ারের অ্যাপ 'মোমেন্টস' ডাউনলোড ও ইনস্টল করতে ব্যবহারকারীদের বাধ্য করছে ফেসবুক। এর আগে নিজেদের মেসেজিং অ্যাপ 'ফেসবুক মেসেঞ্জার' ডাউনলোড ও ইনস্টল করাতে বাধ্য করে সংশ্লিষ্টরা।
মোমেন্টস ডাউনলোড ও ইনস্টল করাতে ব্যবহারকারীদের মেসেজ পাঠাচ্ছে ফেসবুক। ফেসবুক ছাড়াও এই মেসেজ পাঠানো হচ্ছে ব্যবহারকারীদের ই-মেলে।
মেসেজে বলা হচ্ছে, ফেসবুকে সিঙ্ক করে রাখা ব্যক্তিগত ছবি ৭ জুলাইয়ের মধ্যে মোমেন্টসে সরিয়ে না নিলে তা ডিলিট করে দেয়া হবে।
ফেসবুকের এমন উদ্যোগে হাজার হাজার ব্যবহারকারী তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে।
বিশেষজ্ঞদের মতে, ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করাতে একই রকম উদ্যোগ নেয় ফেসবুক। এক্ষেত্রে কিছুটা সফলও হয়েছিলো তারা। যার দরুন বর্তমানে মেসেজিং অ্যাপটি ৯০০ মিলিয়ন ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। তবে এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এখন আবার মোমেন্টস ডাউনলোডে বাধ্য করছে ফেসবুক। এতে নির্ঘাৎ ইমেজ সংকটে পড়বে সামাজিক যোগাযোগ জায়ান্ট।
ফটো-সিঙ্কিং ফেসবুকের ঐচ্ছিক এক ফিচার। এটি ২০১২ সালে কেবল আইওএস প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করা হয়। এই ফিচারের মাধ্যমে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ছবি স্বয়ংক্রিয়ভাবে কপি করে ফেসবুকে অ্যালবাম আকারে সিঙ্ক করে রাখা যায়।
গত বছরের জুন মাসের দিকে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য মোমেন্ট অ্যাপটি উন্মুক্ত করে ফেসবুক। ব্যাপক ঢাকঢোল পিটিয়ে উন্মুক্ত করা হলে গ্রাহক পেতে ব্যর্থ হয় অ্যাপটি। আর তাই অ্যাপটিতে জনপ্রিয় করতে সিঙ্ক করে রাখা ছবির অ্যালবাম ডিলিট করে দেয়ার কৌশল বেছে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্র- টেক ক্রাঞ্চ।