সিলেটে মনোমুগ্ধকর অ্যাক্রোবেটিক প্রদর্শনী

সিলেট: ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’—প্রতিপাদ্যে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো সিলেট বিভাগীয় পর্যায়ের অ্যাক্রোবেটিক প্রদর্শনী। গত মঙ্গলবার রাতে সিলেটে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  মুহুর্মুহু করতালিতে প্রশংসিত হয় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই প্রদর্শনীটি। চমত্কার মঞ্চ নির্মাণ ও সজ্জা এবং চোখ ধাঁধানো পরিবেশনায় মুগ্ধ হয় আগত মাঠ ভর্তি দর্শক। একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন পর্যায় ও শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মনে হয়েছিল এ যেন এক উত্সবমুখর পরিবেশে মানুষের মিলনমেলা। অ্যাক্রোবেটিক প্রদর্শনীর পূর্বে সংক্ষিপ্ত উদ্বোধনী আয়োজনে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত        —ইত্তেফাক