বড় হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অসত্ পথে পা না দিতে তরুণ প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাদশ সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেছেন, কখনো সত্যের সাথে মিথ্যার আপস করবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সত্ সাহস রাখবে। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না।
উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসে চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের নির্মাণাধীন একটি ভবনে রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহার করায় কাজ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। পরে দেশের অন্যান্য জায়গা থেকেও রডের বদলে বাঁশ দিয়ে নির্মাণ কাজের খবর আসে।
বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ নবীন প্রকৌশলীদের উদ্দেশে বলেন, সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন হবে দেশ, জাতি, সমাজ, পরিবার ও নিজের কল্যাণে। সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটবে। দেখবে তোমার কর্ম তোমার জন্য সাফল্য আর সুনাম বয়ে আনবে। বুয়েটের খেলার মাঠে এই সমাবর্তনে পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষাজীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বক্তব্য দেন।