গত কয়েক বছরে সেলফি নিয়ে বেশ বড় রকমের একটা উন্মাদনা তৈরি হয়েছে বিশ্বজুড়ে। যে কারণে এখন স্মার্টফোন কেনার আগে ব্যবহারকারীরা রিয়ার ক্যামেরার চেয়ে ফ্রন্ট ক্যামেরাকে গুরুত্ব দেন বেশি। আর ভালো ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন হলো 'মেইতু এম৬'।
২১ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই ফোন এখন পাওয়া যাচ্ছে চীনের বাজারে। শুধু ফ্রন্ট ক্যামেরাই নয়, এই ডিভাইসের রিয়ার ক্যামেরায় যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। ফটোগ্রাফারদের আকৃষ্ট করতে এতে জুড়ে দেয়া হয়েছে উন্নত মানের ২১ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি মেইতু। বাজার দখলে কোম্পানিটি অন্যান্য চীনভিত্তিক ডিভাইস নির্মাতাদের অনুসরণ করছে। অর্থাৎ আকর্ষণীয় নকশা এবং বাজেট সাশ্রয়ী ডিভাইসে বেশি গুরুত্ব দিচ্ছে। 'মেইতু এম৬'-এর বেলায়ও এর ব্যত্যয় হয়নি।
নতুন ডিভাইসটিতে ১০৮০*১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজের মিডিয়াটেক হেলিও পি১০ অক্টা-কোর।
৩ গিগাবাইট র্যামের এই ফোনে ৬৪ জিবি ইন্টারনাল মেমরি সুবিধা পাওয়া যাবে।
এতে আরও আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ২৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার টাকা। সূত্র- ফোন এরেনা ও টেক টাইমস।