নতুন ফিচারে আসছে আইমেসেজ

অনলাইন মেসেজিংয়ের দুনিয়ায় একে নিঃসন্দেহে 'অ্যাপেল-বিপ্লব' বলা যায়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, স্ন্যাপচ্যাটকে পেছনে ফেলতে নতুন সংস্করণে আসছে আইমেসেজ। আইওএস-১০-এর আইমেসেজে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। শব্দের জায়গায় ইমোজি, হাতে লেখা নোট, টাকা পাঠানোর সুবিধা- কি না থাকছে এতে! অর্থাৎ শুধু পৃথিবী নয়, জীবনযাপনের খুঁটিনাটিও এবার আপনার পকেটে।
 
দ্য ইন্ডিপেনডেন্ট এক খবরে জানিয়েছে, অনলাইন মেসেজিং সেবার কুলীন বলা যায় হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, ফেসবুক মেসেঞ্জারকে। কিন্তু শিগগিরই এসব সেবা সংকটে পড়তে যাচ্ছে। কারণ, অ্যাপেলের আইমেসেজে এমন কিছু ফিচার যোগ হচ্ছে, যা ব্যবহার করার পর গ্রাহকদের কাছে যাবতীয় অনলাইন মেসেজিং সেবা ফিকে লাগবে।
 
কী থাকছে আইমেসেজের নতুন সংস্করণে? থাকছে সিঙ্গেল ট্যাপ ইমোজি। অর্থাৎ মনের ভাব প্রকাশের জন্য কোনো শব্দ খরচ করতে ইচ্ছে না হলে একটা ট্যাপেই আপনি ইমোজি পেয়ে যাবেন। ইমোজির জন্য আলাদা করে সুইচ বদলাতে হবে না।
 
থাকছে হাতের লেখা নোট পাঠানোর ব্যবস্থাও। অর্থাৎ হাতে লেখা চিঠিও পাঠানো যাবে চটজলদি। শুধু তাই নয়, চ্যাট করার সময় অ্যানিমেটেড ইমোজি-ও ব্যবহার করা যাবে।
 
এছাড়াও ইনভিজিবল ইঙ্ক বা অদৃশ্য কালি ব্যবহার করেও মেসেজ পাঠানো যাবে। অর্থাৎ টাচ না করলে আপনার মেসেজ দেখা যাবে না। সঙ্গে থাকছে টাকা পাঠানোর সুবিধাও।