অভিনব মোবাইল ফোন-ভিত্তিক বিজ্ঞাপন চালু করলো রবি

ক্রেতাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে ‘মোবিরিচ’ নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে রবি। সুনির্দিষ্ট তথ্য-নির্ভর প্রোফাইলিংয়ের মাধ্যমে যে কোন পণ্য বা সেবার সবচেয়ে সম্ভাব্য ক্রেতার হাতে বিজ্ঞাপনটি পৌঁছে দেয়া যাবে এই সেবার মাধ্যমে।
 
বিভিন্ন ব্র্যান্ড এবং স্বল্প ও মাঝারি-পুঁজির উদ্যোক্তাদের (এসএমই) জন্য প্লাটফরমটি সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশে প্রথম বারের মত এমন একটি অত্যাধুনিক মোবাইল অ্যাডভারটাইজিং প্লাটফরম চালু করল অপারেটরটি। মোবিরিচের প্রযুক্তিটি এমনভাবে সাজানো যেন ব্র্যান্ড বা এসএমই-র বার্তাগুলো সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়। প্লাটফরমটি গ্রাহকের প্রয়োজন ও পছন্দের বিষয়টি নিরূপণের মাধ্যমে এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে পণ্য বা সেবার তথ্যটি পৌঁছে দেবে। 
 
মোবাইলস্কয়ার্ড পরিচালিত এক জরিপ অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারকরীরা একটি এসএমএস পাওয়ার তিন মিনিটের মধ্যে তা পড়েন। তাই এ সেবাটি একটি কার্যকর যোগাযোগ মাধ্যম যার মাধ্যমে নিশ্চিতভাবে গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। মোবিরিচের ডিজিটাল বিজ্ঞাপন তিনটি মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো হয়। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে এসএমএস পাঠানো। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা সহজেই তাদের কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন। 
 
 
প্রাণ আরএফএল, ইউনিলিভার, লাইফবয়, পিৎজা হাট, এঅ্যান্ডডব্লিও, স্বপ্ন, পারটেক্স ফার্নিচার, প্রাইম অ্যাসেট, সিঙ্গার, আমিন জুয়েলার্সসহ অনেক শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইতোমধ্যে মোবিরিচ প্লাটফরমটি ব্যবহার করেছে। আগামী দিনগুলোতে অন্যান্য কর্পোরেট হাউজ ও মোবাইল ফোন অপারেটরদের সাথে সমন্বয়ের ভিত্তিতে মোবাইল বিজ্ঞাপনী এই সেবাটিকে এক নতুন মাত্রায় পৌঁছে দিতে চায় রবি।