‘স্প্যাম কিং’ এর দুই বছরের কারাদণ্ড

ফেসবুক ব্যবহারকারীদের কাছে ২ কোটি ৭০ লাখের বেশি স্প্যাম ই-মেইল ছড়ানো স্যানফোর্ড ওয়ালেসকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, স্প্যামের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘স্প্যাম কিং’।
 
তার অন্তত দুই বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে তাকে তিন লাখ ১০ হাজার ডলার জরিমানাও গুনতে হবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বাসিন্দা, ৪৭ বছর বয়সী স্যানফোর্ড ওয়ালেসের বিরুদ্ধে স্প্যাম ছড়ানোর অভিযোগ আগে মার্কিন ফেডারেল তদন্তকারীরা।
 
তার বিরুদ্ধে ইন্টারনেটে প্রতারণার অভিযোগও আনা হয়। ব্যবহারকারীর সঙ্গে কোনরকম সম্পর্ক না থাকলেও, বিজ্ঞাপনী ও প্রতিষ্ঠানের প্রচারণামুলক যেসব ই-মেইল ব্যাপক মাত্রায় পাঠানো হয়, সেগুলোকে স্প্যাম ইমেইল বলা হয়। একই ধরণের এসব বার্তা একই সঙ্গে অনেক মানুষের কাছে পাঠানো হয়।
 
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, তাদের একাউন্ট ও ইমেইল ব্যবহার করে অন্যদের কাছে এরকম ইমেইল পাঠাতেন ওয়ালেস। ২০০৮ থেকে ২০০৯ সালের দিকে এসব স্প্যাম ইমেইল পাঠানো হয়। বিপুল পরিমাণ স্প্যাম ছড়ানোর ঘটনা দেখার পর এফবিআই তদন্তে নামে।
 
মার্কিন অ্যাটর্নি অফিস বলছে, ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে নানা তথ্য অবৈধভাবে সংগ্রহ করেছে ওয়ালেস, সেগুলো তিনি মজুদ করে রেখেছেন আর নিজের স্বার্থে ব্যবহার করেছেন। বিবিসি।