বিনোদন ডেস্ক
বিশ্বের ব্যান্ড ইতিহাসে ‘পিংক ফ্লয়েড’ একটি অনন্য নাম। শুধু গান দিয়ে শ্রোতাদের বিনোদন নয়, বিভিন্ন বাস্তব বিষয় উঠে এসেছে তাদের গানে। গানই যেন তাদের প্রতিবাদের ভাষা। ব্যান্ড ভেঙেছে অনেক বছর। তবে এখনো ব্যান্ডের বর্তমান সদস্যরা গান করে যাচ্ছেন নিয়মিত। রজার ওয়াটার্স, নিক ম্যাসন ও ডেভিড গিলমোর এখনো স্টেজে তাদের মুন্সিয়ানা দেখিয়েই চলছেন। শুধু তাই নয়, বিভিন্ন ইস্যুতে তাদের প্রতিবাদের ভূমিকা রেখে চলছেন। সম্প্রতি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য রজার ওয়াটার্স এমনই এক সংবাদে খবরের শিরোনাম হলেন।
ইসরাইলে আয়োজিত হতে যাচ্ছে ইওরভিশন গানের প্রতিযোগিতা। ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালানো ইসরাইলিদের সার্থকতা ও উত্সবের অংশ হিসেবে ধরে তা উদযাপনের জন্য ইওরভিশন সঙ্গীত মঞ্চের এ আয়োজন। এটিকে পুরোপুরি বয়কট করে ন্যায়ের পক্ষে থেকে হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান রজার ওয়াটার্স। তিনি সব শিল্পীদের কাঁধে কাঁধ রেখে ফিলিস্তিনিদের পক্ষে থেকে ইওরভিশন-এর বিপক্ষে যাওয়ার অনুরোধ করেন। এদিকে পর্তুগাল ইউরোভিশন কর্ণধার কোনান ওসিরিস চিঠির মাধ্যমে এই অনুষ্ঠানের ফাইনাল মঞ্চে পারফর্ম করতে অসম্মতি জানিয়েছেন।
এ প্রসঙ্গে রজার তাকে একটি বার্তা পাঠান। যেখানে লেখা ছিল, ‘এমন একটি ঘটনার জন্য আমরা সবাই মানসিকভাবে আহত। আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে থাকা। যতদিন পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিরা তাদের সঠিক বিচার না পাবে ততোদিন আমরা সবাই এক হয়ে তাদের জন্য কাজ করে যাবো।’
এছাড়াও অন্যান্য শিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে রজার আরো বলেন, ‘গানের মাধ্যমে আমরা এমন কিছু করবো না যেগুলো কোনো মানুষকে আহত করে। এই প্রতিযোগিতাটা তেমনই একটি প্রতিযোগিতা। একদিকে লক্ষ মানুষ মারা যাচ্ছে ও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে যখন আনন্দের জন্য প্রতিযোগিতা হচ্ছে সেখানে মানবিকতা বিসর্জন দিয়েই যেতে হবে।’