জবিতে ‘তৃতীয় সঙ্গীত উত্সব’

সমাপনী দিনের মঞ্চে সুবীর নন্দী ও বন্যা

বিনোদন রিপোর্ট

 

গতকাল থেকে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ আয়োজনে দু-দিনব্যাপী ‘তৃতীয় সঙ্গীত উত্সব ২০১৯’। আজ উত্সবের সমাপনী দিনে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি। উদ্বোধনী পর্বের সভাপতি থাকবেন সঙ্গীত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক অণিমা রায়। সমাপনী দিনের আয়োজনে মঞ্চে গান পরিবেশন করবেন সুবীর নন্দী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও আরো গান পরিবেশন করবে কিরণ চন্দ্র রায়, লাইসা আহমেদ লিসা, শোয়েব, জীমন কার্সপেল (ভিউলা, জার্মানি), সুপ্রিয়া দাশ (শাস্ত্রীয় সঙ্গীত), বেঙ্গল পরম্পরা (যন্ত্রসঙ্গীত), বিট্টু নৃত্যগোষ্ঠী (ভারত), নৃত্যকলা বিভাগ, ঢাবি এবং সঙ্গীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা।

এছাড়া সঙ্গীত উত্সবে সম্মাননা প্রদান করা হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ও রবীন্দ্রসঙ্গীতশিল্পী মিতা হককে। এছাড়াও এই আয়োজনে সঙ্গীতবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। এতে প্রবন্ধ পাঠ করবেন ড. অসিত রায়, অধ্যাপক, সঙ্গীত বিভাগ, রাবি। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. আ বা ম নুরুল আনোয়ার, অধ্যাপক, বাকৃবি, ময়মনসিংহ ও ড. সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাবি।

উত্সব প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘সঙ্গীত উত্সব এক সামাজিক চর্চার নাম। এই চর্চা আমাদের সমাজে যত প্রচারে আনবো ততোই সামাজিক মঙ্গল। বর্তমান বিশ্বে আমাদের সবচেয়ে কম চর্চিত হয় মানবতা। আর এই মানবিক চর্চার বিকাশের একটিই উপায় সাংস্কৃতিক সম্মিলন।’