জড়িয়ে ধরা মানেই আমরা প্রেম করছি না:দীপিকা

বিনোদন ডেস্ক

 

রণবীর কাপুরের সাথে দীপিকা পাডুকোনের প্রেমের খবরটা বেশ পুরোনো। প্রেমের বিচ্ছেদেরও কয়েকবছর হয়ে গেছে। এরইমধ্যে দীপিকা তার পরবর্তী প্রেমিক রণবীর সিংকে বিয়ে করেছেন। অন্যদিকে রণবীর কাপুরও তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাটকে বিয়ে করছেন বলে বলিউড পাড়ায় বেশ গুঞ্জন চলছে। দু’জনের দু-দিকের জীবন বেশ ভালোই চলছে। তবে আবারো রণবীর কাপুরের সাথে দীপিকার প্রেম নিয়ে গুঞ্জন রটেছে বলিউড পাড়ায়। সম্প্রতি এক অনুষ্ঠানে অতিথি ছিলেন রণবীর কাপুর ও দীপিকা। সেখানে স্টেজে একসাথে নাচও করেন তারা।

পরবর্তীতে তাদের জড়িয়ে ধরা ছবি প্রকাশ পায় ভারতীয় গণমাধ্যমে। সেই ছবি থেকেই নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে বিষয়টি খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছেন না রণবীর ও দীপিকার কেউই। এই ঘটনার পর রণবীর কাপুর এক সাক্ষাত্কারে বিষয়টি নিয়ে বলেন, ‘দীপিকার সাথে আমার পূর্বের সম্পর্কের বিষয়টি সবার জানা। এ নিয়ে নতুন করে গুঞ্জনের কিছু নেই। তার সাথে আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হয়। আর এটাই স্বাভাবিক। আমাদের সম্পর্কটা বন্ধু। আর যে ছবির কথা বলা হচ্ছে সেটিও স্বাভাবিক একটি ছবি।’

অন্যদিকে দীপিকা বিষয়টি নিয়ে বলেন, ‘দেখা হলে জড়িয়ে ধরা মানেই আমরা প্রেম করছি না। একটি অনুষ্ঠানে রণবীরের সাথে আমার দেখা হয়। সেখান থেকেই এই গুঞ্জন রটেছে। এই বিষয়ে আমি তাই আর গুরুত্ব দিতে চাই না।’

 

 

পাশের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় রণবীর ও দীপিকার প্রেম গুঞ্জন