যায় না চেনা

অদ্বৈত মারুত

 

ফালতু কথায় ফুল ফোটানোর তুমিই মিয়া সেরা

আশেপাশে হাজার লোকে তাই থাকো রোজ ঘেরা।

তাকাও যখন আলো জ্বলে কাঁদলে ভাসে মাটি

সবাই ভাবে মানুষ বটে—লোকটা ভীষণ খাঁটি!

 

তোমায় ঘিরে লোক সমাগম সকাল-বিকাল-রাতে

ভাবনাখানা এই—একটা ফোনেই সুফল হাতে হাতে!

দিনে রাতে মানুষ ঘোরে ব্যথার ওষুধ তুমি

মহারাজার মতোই যেন তোমার বসতভূমি।

 

কেউ জানে না তোমার গোমর দাপটেরই কারণ

যারা জানে কুলুপ আঁটা; বলতে আছে বারণ

নষ্ট লোকের পদ লেহনে নষ্ট তোমার মাথা

রোদ যেদিকে সেদিকেতে ধরে থাকো ছাতা।

 

বাড়ছে ক্রমে তোমাদেরই সংখ্যা দিনে দিনে

বাগাড়ম্বর কথার ভাঁজে যায় না নেওয়া চিনে।