বিল্টইন ক্যামেরা থাকবে অ্যাপলের পরবর্তী স্মার্টঘড়িতে

অ্যাপলের পরবর্তী সংস্করণের স্মার্টঘড়িতে থাকবে বিল্টইন ক্যামেরাসহ একজোড়া অতিরিক্ত বাটন। সম্প্রতি নতুন দুই পেটেন্ট উন্মোচন করেছে অ্যাপল। পেটেন্ট পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছেন বিশ্লেষকরা।
 
সম্প্রতি অ্যাপল পণ্য বিষয়ক ব্লগ ‘পেটেন্টলি অ্যাপলে’ নতুন দুই পেটেন্ট প্রকাশ করা হয়, যেখানে ইলাস্ট্রেশন বা চিত্রের মাধ্যমে নতুন ফিচারসহ পরবর্তী অ্যাপল ঘড়ির নকশা কেমন হবে তা দেখানো হয়েছে।
 
দুই পেটেন্ট অনুযায়ী, মোবাইল ডিভাইস এবং স্মার্টঘড়ির মধ্যে মিথষ্ক্রিয়ার জন্য ক্যামেরায় গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে, অবস্থানগত তথ্য শেয়ার এবং ব্যবহারের জন্য। মূলত নিজস্ব স্মার্টঘড়িকে বহুমূখী কাজে ব্যবহার উপযোগী করতে নতুন হার্ডওয়্যার সংযোজনের উদ্যোগ। ধারণা করা হচ্ছে, বিল্টইন ওই ক্যামেরা দিয়ে শুধু স্থিরচিত্র তোলা যাবে এমনটা নয়, ভিডিও ধারণ করা যাবে।
 
পেটেন্ট ইলাস্ট্রেশন বা চিত্রে ক্যামেরা ব্যবহার করা না হলেও এর ফিচার সম্পর্কে লিখিত ব্যাখ্যা দেয়া হয়েছে। ক্যামেরাটি অ্যাপল ওয়াচের এক প্রান্তে থাকবে। ব্যবহারকারী কোনো বিষয় বা বস্তু যেমন বারকোড, কিউআর কোড কিংবা অন্য কোনো ছবি তুলতে পারবে। এছাড়া সামনের দিকে হওয়ায় ব্যবহারকারী নিজেরও ছবি তুলতে পারবেন।
 
ক্যামেরার পাশাপাশি নতুন অ্যাপল ঘড়ির পাশে দুইটি নতুন বাটন দেখা যাবে। এটির কাজ কি হবে তা বর্ণনা করা না হলেও, ফিজিক্যাল কিংবা টাচ-ক্যাপাসিটিভ বাটন হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।