পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক-টুইটারসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে আলজেরিয়া সরকার। মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় (এসএসসি) প্রতারণা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা।
নিউজ নেক্সটের এক খবরে বলা হয়েছে, স্কুলের ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার হলে নকল করতে না পারে বা আগেভাগেই হাতে প্রশ্ন না পায় সেজন্য সাময়িকভাবে সোশাল মিডিয়া বন্ধ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকান দেশটি।
এর আগে স্কুলের পরীক্ষায় অনলাইনের মাধ্যমে প্রশ্ন ফাঁস হলে তীব্র সমালোচনার মুখে পড়ে আলজেরিয়া। তখন অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হয়।
সংবাদ মাধ্যমগুলোর খবরে প্রকাশ, জুন মাসে বহু ছাত্রছাত্রীই পরীক্ষার আগে ফেসবুকে ও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন হাতে পেয়ে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে বহুবার এ ধরনের ঘটনা ঘটেছে।
সরকারি কর্মকর্তারা বলছেন, পরীক্ষার্থীদেরকে নকল ও প্রশ্ন ফাঁসের হাত থেকে রক্ষার জন্যই সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।