অস্পষ্ট ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ঝকঝকে হবে টুইটারে

মেশিন লার্নিং স্টার্টআপ 'ম্যাজিক পনি' অধিগ্রহণ করেছে টুইটার। ম্যাজিক পনি'র প্রযুক্তি ব্যবহার করে রিয়েল টাইমে অস্পষ্ট ও কম রেজ্যুলেশনের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল করার সেবা দিতে লন্ডনভিত্তিক স্টার্টআপটিকে অধিগ্রহণ করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইটটি, দাবি প্রযুক্তি বিশ্লেষকদের।
 
মঙ্গলবার সকালে এই ঘোষণা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে এই অধিগ্রহণে কি পরিমাণ অর্থ খরচ হয়েছে এ ব্যাপারে কিছু প্রকাশ করেনি সংশ্লিষ্টরা।
 
এ ব্যাপারে টুইটার সিইও জ্যাক ডরসি এক টুইটে জানিয়েছেন, 'বিশ্বে কি ঘটছে তা তাৎক্ষনিকভাবে জানা ও দেখার প্রথম ও সর্বোত্তম প্ল্যাটফর্ম হবে টুইটার। এই লক্ষ্যে পৌঁছুতে ম্যাজিক পনি অধিগ্রহণ করা হয়েছে।'
 
চলতি বছরের শুরুতে টুইটার তাদের মেশিন লার্নিং গবেষণার কিছু ফলাফল প্রকাশ করে। এর মধ্যে 'গ্রাফিক্স কার্ড ব্যবহার করে কম রেজ্যুলেশনের ভিডিও কনটেন্টকে উজ্জ্বল করার ক্ষেত্রে কিভাবে টুইটারের অলগারিদমকে আপগ্রেড করা যায়' এ শীর্ষক গবেষণা ফলাফলও ছিলো। সুতরাং টুইটারের ম্যাজিক পনি অধিগ্রহণের কারণ আর অস্পষ্ট নয় প্রযুক্তি বিশ্লেষকদের কাছে।
 
ম্যাজিক পনি'তে ১১জন পিএইচডিধারী প্রযুক্তি বিশেষজ্ঞ রয়েছেন, যাদের 'কম্পিউটার ভিশন', কম্পিউটেশনাল নিউরোসায়েন্স' এবং 'ডিপ লার্নিং'-এ বিশেষ দক্ষতা রয়েছে। সূত্র- দ্যা ভার্জ।