বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ রেলক্রসিং এলাকা, মিয়ার পাহাড় ও স্টারশীপ গলি এলাকায় চলছে জমজমাট জুয়ার আসর। এসব স্পটে ঝুপড়ি ঘর নির্মাণ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চালানো হচ্ছে লাখ-লাখ টাকার জুয়াখেলা। এসব জুয়ার আসরকে কেন্দ্র করে রৌফাবাদ কলোনি, পাহাড়িকা আবাসিক এলাকা, স্টারশীপ গলি ও মিয়ার পাহাড়সহ আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, বখাটেপনাসহ বহুমাত্রিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, উল্লিখিত এলাকায় বহিরাগতদের বেপরোয়া আনাগোনায় এলাকাবাসী সবসময় আতঙ্কে তটস্থ থাকে। বিশেষ করে সন্ধ্যার পর গার্মেন্টসগুলো ছুটি হলে এসব পথে যাওয়ার সময় গার্মেন্টসের নারী কর্মীদের উদ্দেশ্য করে জুয়ারি এবং মাদকসেবীরা বাজে অঙ্গভঙ্গি, সজোরে মোবাইলে গান-বাজনা, অশ্লীল বাক্য ছুড়ে দেওয়াসহ তাদের নানাভাবে হয়রানি ও উত্যক্ত করে। কেউ প্রতিবাদ করলে উত্যক্তকারীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাই সার্বিক সুস্থতার লক্ষ্যে অবিলম্বে উল্লিখিত ৪টি স্পটে জুয়ার আসর বন্ধে সিএমপি কমিশনারের দৃষ্টি আর্কষণ করছি।
মো. এরশাদ উল্লাহ
পাহাড়িকা আবাসিক এলাকা,
বায়েজিদ বোস্তামী,
চট্টগ্রাম