সুস্থতার জন্য যোগ ব্যায়াম

যোগ ব্যায়াম (ইয়োগা) মানসিক চাপ দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হূদরোগ প্রতিরোধও করে। ঘুমও ভালো হয় যোগ ব্যায়ামে। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধানের জন্য প্রাচীন ভারতে উদ্ভূত যোগ ব্যায়াম প্রাচ্য ও পাশ্চাত্যের বহু দেশে এখন বেশ সমাদৃত। এই যোগ ব্যামায়ের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে ভারত। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতজুড়ে দিবসটি উদযাপিত হয়।
 
যোগ বা ইয়োগা শব্দের অর্থ দেহ ও মনের গভীর সংযোগ। এই ব্যায়ামের সংযোগ বাংলাদেশেও ঘটাতে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয় যোগ কর্মশালা। মিরপুরের আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়ামে সমবেত যোগ ব্যায়ামের আয়োজনে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। ফুটবলার জাহিদ হাসান এমিলি, কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ, আঁখি আলমগীর, অভিনেতা আরেফিন শুভসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারা যোগ ব্যায়াম কর্মশালায় অংশ নেন। 
 
সকালে কর্মশালার সূচনা বক্তব্যে হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে যোগ ব্যায়াম জনপ্রিয় হয়ে উঠছে। অনুষ্ঠানে যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা  স্বরাজের দেয়া বাণী পড়ে শোনানো হয়। পরে প্রতিমন্ত্রী বীরেন শিকদার রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া বাণী পড়ে শোনান। ঢাকায় এ ধরনের যোগ কর্মশালার আয়োজন করায় বাণীতে ভারতীয় হাইকমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
 
কর্মশালায় প্রধান অতিথির ভাষণে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সকলের সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য যোগ ব্যায়ামের গুরুত্বের কথা তুলে ধরেন। যোগ কর্মশালাকে সফল করার জন্য অংশগ্রহণকারীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী। যোগ কর্মশালায় কূটনীতিক, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, অভিনয় শিল্পী, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় যোগশৈলী প্রদর্শন করে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকা ও বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সদস্যরা।
 
মিরপুর ইনডোর স্টেডিয়াম ছাড়াও ঢাকার বিভিন্ন প্রান্তে দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন শহরেও যোগ দিবস উদযাপিত হয়েছে বলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 
 
তারকাদের মধ্যে ইয়োগা প্রবণতা বেশি
 

ভারতীয় উপমহাদেশে যোগ বা ইয়োগার উত্পত্তি হলেও বিশ্বের নানাদেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশেও বেশ কিছু প্রতিষ্ঠান ইয়োগা শিখিয়ে থাকে। কিন্তু এর জনপ্রিয়তা কেমন বাংলাদেশে? বাংলাদেশে হু-আ হোম অফ ইয়োগা নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক কামরান জ্যাকব বিবিসিকে বলেন, সাম্প্রতিক সময়ে ইয়োগার জনপ্রিয়তা বাড়ছে।