খেলাঘরের প্রথম জয়
স্পোর্টস রিপোর্টার
ব্যাটিংটা ভুগিয়ে যাচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। স্কোরবোর্ডে বড় স্কোর জড়ো করতে পারছে না দলটি। তবে ব্যাটে-বলে দারুণ ছন্দে রয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সম্মিলিত পারফরম্যান্সে এগুচ্ছে দলটি। গতকাল মিরপুর স্টেডিয়ামে ব্যাটিংয়ে ম্লান গাজী ক্রিকেটার্সকে সাইফ হাসানের সেঞ্চুরি ও ফরহাদ রেজার অলরাউন্ড পারফরম্যান্সে ছয় উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
চার রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দোলেশ্বরের এটি তিনটি জয়। গাজী ক্রিকেটার্সের এটি দ্বিতীয় হার। প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৩০ রান তুলেছিল গাজী ক্রিকেটার্স। জবাবে ৪৫.৫ ওভারে চার উইকেটে ২৩১ রান সংগ্রহ করে ম্যাচ জিতে নেয় দোলেশ্বর। ফরহাদ রেজা ম্যাচ সেরা হন।
এদিকে টানা তিন ম্যাচ হারের পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপিকে ২৭ রানে হারিয়েছে খেলাঘর। চার ম্যাচে এটি তাদের প্রথম জয়, বিকেএসপির তৃতীয় হার। খেলাঘরের রবিউল ইসলাম রবি ম্যাচ সেরা হন।
মিরপুরে গাজী ক্রিকেটার্সের আট ব্যাটসম্যান দুঅঙ্কের ঘর স্পর্শ করেছেন। কিন্তু ইনিংস বড় করতে পেরেছেন মাত্র দুইজন। যার কারণেই তাদের স্কোরটা বড় হয়নি। পারভেজ রসুল ৬৭, শামসুর ৪৫, আবু হায়দার রনি ২৯, নাসুম ১৯, রনি তালুকদার ১৭, ইমরুল ১৪, মাইশুকুর ১২, কামরুল ইসলাম রাব্বি অপরাজিত ১১ রান করেন। দোলেশ্বরের ফরহাদ রেজা ৪০ রানে পাঁচটি, সৈকত আলী তিনটি, আরাফাত সানি দুটি করে উইকেট নেন। প্রাইম দোলেশ্বরকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেছেন সাইফ হাসান একাই। লিস্ট-এ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি করা এই ওপেনার ১২৪ বলে ১০২ রান (৪ চার, ৬ ছয়) করেন। পরে তিনি ফিরলেও মার্শাল আইয়ুব ৩২, সাদ নাসিম অপরাজিত ৩৫, ফরহাদ রেজা অপরাজিত ২১ রান করে দলের জয় নিশ্চিত করেন। গাজী ক্রিকেটার্সের কামরুল ইসলাম রাব্বি দুটি উইকেট নেন।
ফতুল্লায় খেলাঘর আগে ব্যাট করে আট উইকেটে ২১২ রান তুলেছিল। রবিউল ইসলাম রবি ৭৫, মাহিদুল ইসলাম ৪৯, অমিত মজুমদার ২৩, রবিউল হক অপরাজিত ১৯ রান করেন। বিকেএসপির হাসান মুরাদ তিনটি, শামীম হোসেন দুটি উইকেট নেন। পরে নয় উইকেটে ১৮৫ রানের বেশি যেতে পারেনি বিকেএসপি। শামীম হোসেন ৫৬, সুমন খান অপরাজিত ২৪, আব্দুল কাইয়ুম ২২, পারভেজ হোসেন ২০ রান করেন। খেলাঘরের রবিউল ইসলাম রবি, মাসুম খান, ইরফান হোসেন, রবিউল হক দুটি করে উইকেট নেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্স-প্রাইম
দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
গাজী ক্রিকেটার্স: ৪৯.১ ওভারে ২৩০ (পারভেজ রসুল ৬৭, শামসুর ৪৫, আবু হায়দার রনি ২৯, নাসুম ১৯, রনি তালুকদার ১৭, ইমরুল ১৪, মাইশুকুর ১২, কামরুল ইসলাম রাব্বি ১১*; ফরহাদ রেজা ৫/৪০, সৈকত আলী ৩/৩২, আরাফাত সানি ২/৫১)
প্রাইম দোলেশ্বর: ৪৫.৫ ওভারে ২৩১/৪ (সাইফ হাসান ১০২, মার্শাল আইয়ুব ৩২, সাদ নাসিম ৩৫*, ফরহাদ রেজা ২১*, ফরহাদ হোসেন ১৯; কামরুল ইসলাম রাব্বি ২/৩৯, পারভেজ রসুল ১/৪৩, মেহেদী হাসান ১/৪৮)
ফলাফল: প্রাইম দোলেশ্বর ছয় উইকেটে জয়ী
খেলাঘর সমাজ কল্যাণ
সমিতি-বিকেএসপি
খেলাঘর: ৫০ ওভারে ২১২/৮ (রবিউল ইসলাম রবি ৭৫, মাহিদুল ইসলাম ৪৯, অমিত মজুমদার ২৩, রবিউল হক ১৯*, মোসাদ্দেক ইফতেখার ১৭, মাসুম খান ১০; হাসান মুরাদ ৩/৩৩, শামীম হোসেন ২/৩১, নওশাদ ১/৩৭, সুমন খান ১/৩৮, আবু নাসের ১/৪৪)
বিকেএসপি: ৫০ ওভারে ১৮৫/৯ (শামীম হোসেন ৫৬, সুমন খান ২৪*, আব্দুল কাইয়ুম ২২, পারভেজ হোসেন ২০, রাতুল খান ১৯, আকবর আলী ১৫; রবিউল ইসলাম রবি ২/২৮, মাসুম খান ২/৩০, ইরফান হোসেন ২/৩৬, রবিউল হক ২/৪১, তানভির ইসলাম ১/৩৩)
ফলাফল: খেলাঘর ২৭ রানে জয়ী