মহাকাশে একযোগে ২০টি স্যাটেলাইটসহ একটি রকেট উৎক্ষেপণ করেছে ভারত। বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে এ রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাশূন্য গবেষণা প্রতিষ্ঠান (ইসরো)। ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর আগে ২০০৮ সালে একটি মিশনে ইসরো মোট দশটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছিল। এখন পর্যন্ত সেটাই ছিল রেকর্ড। এবার মহাকাশে একযোগে ২০টি স্যাটেলাইট পাঠিয়ে নতুন রেকর্ড গড়ল প্রতিষ্ঠানটি।
এসব স্যাটেলাইটের মধ্যে তিনটি ভারতে তৈরি। বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে। প্রযুক্তিগত নানারকম পরীক্ষার কাজ একই সঙ্গে করতে চান বিজ্ঞানীরা। আর তাই একসঙ্গে এতগুলো স্যাটেলাইট পাঠানো হল।
দেশের বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদী বলেন, মহাকাশবিজ্ঞানে ভারতের যে অভূতপূর্ব অগ্রগতি তা বিজ্ঞানীদের কৃতিত্ব। একযোগে ২০টি স্যাটেলাইট উৎক্ষেপণকে তিনি ‘ব্রিলিয়ান্ট’ মুহূর্ত বলে আখ্যায়িত করেন।