চট্টগ্রামে আজ শুরু হচ্ছে অনি স্মৃতি টিটি লিগ

  স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মৃতি টেবিল টেনিস লিগ ও আন্তঃস্কুল টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের স্পন্সর টিটি লিগে খেলবে ১৯টি ক্লাবের ৭৬ জন প্রতিযোগী। এছাড়া আন্তঃস্কুল টুর্নামেন্টে খেলার জন্য তালিকাভুক্ত হয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন ছাত্র-ছাত্রী। সিজেকেএস জিমনেসিয়াম ভবনে দুপুর ২টায় প্রতিযোগিতার উদ্বোধন হয়ে শনিবার পর্দা নামবে তিনদিনব্যাপী প্রতিযোগিতার। লিগের জন্য বাজেট ৭০ হাজার এবং স্কুল টুর্নামেন্টের বাজেট ৫০ হাজার টাকা। এ অর্থ প্রদান করবে স্পন্সর প্রতিষ্ঠান।

গতকাল বুধবার জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ ও স্কুল টুর্নামেন্ট আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন টিটি কমিটির সম্পাদক মো. হারুন রশিদ।

আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এবিএম ইফতেখারুল আলম, টিটি কমিটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, সিজেকেএস’র অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।