ইত্তেফাক রিপোর্ট
প্রথম বাংলাদেশি এয়ারলাইন্স হিসেবে আগামী ৩১ মার্চ থেকে ভারতের চেন্নাইয়ে ফ্লাইট শুরু করতে যাচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিবছরই চিকিত্সার জন্য ভারতের চেন্নাইয়ে যাওয়া বাংলাদেশির সংখ্যা বাড়ছে। দেশের বিপুল সংখ্যক মানুষের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ রুট চালু করছে সংস্থাটি। ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে তিনদিন চলবে ফ্লাইট।
গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মার্কেটিং হেড শফিকুল ইসলাম, চেন্নাই অ্যাপোলো হসপিটালের ডিরেক্টর জিতু ঘোষ, ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং সাপোর্ট) কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউএস-বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু ফ্লাইট চালু নয়, দেশের মানুষের চিকিত্সাসেবা সহজ করতে হেলথ প্যাকেজও থাকছে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ৩ দিন ২ রাতের হেলথ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৯৯০ টাকা। আর কলকাতায় ২২ হাজার ৫শ টাকা। অপরদিকে চট্টগ্রাম থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হেলথ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৩৭ হাজার ৯৯০ টাকা। আর কলকাতায় ২৫ হাজার ৫শ টাকা। সংবাদ সম্মেলনে বলা হয়, হেলথ প্যাকেজের বাইরে হলিডে প্যাকেজ সুবিধা থাকছে।