সুনামগঞ্জ: ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আজাদ মিয়ার হত্যাকাণ্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জের বেতগঞ্জ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মোল্লাপাড়া ইউনিয়নের গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে সকল যান চলাচল বন্ধ করেও রাস্তা অবরোধ করে মোল্লাপাড়ার সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন— বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, মোল্লাপাড়া ইউনিয়নের হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র সহ-সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, আজাদ মিয়া (৪৭) গত বৃহস্পতিবার রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হয়ে পরে চিকিত্সাধীন অবস্থায় মারা যান —ইত্তেফাক