তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি

দেশব্যাপী আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তিন বছর পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিবাদী মহল। গতকাল বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও নগরীর বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে পৃথক এ কর্মসূচি পালন করা হয়। পৃথক মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে তনু হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান। বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এরপর তারা কলেজ ক্যাম্পাসের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে মানববন্ধনে জমায়েত হয়। কলেজের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. সালামসহ শিক্ষার্থীরা বলেন, তিনটি বছর পেরিয়ে গেলেও আমাদের দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে হয় তনুর মামলার কোনো অগ্রগতি নেই।

দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে তনুর হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এছাড়া, গণজাগরণ মঞ্চ কুমিল্লার উদ্যোগে তনু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিকালে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ-কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।