এক ধরনের মানুষ আছে যারা নিজের ঢাক নিজেই পেটায়। আর বর্তমানে তা অতিমাত্রায় পেটায় ফেসবুকে। বাসায় কালেভদ্রে ভাল কিছু রান্না হলে বা প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেলে ফেসবুকে ছবি বা ভিডিও শেয়ার করতে না পারলে পেটের ভাত হজম হয় না এদের। এতে হিতে বিপরীতও যে হতে পারে, এই ভাবনা নেই ওই সব মানুষের। সম্প্রতি এমনটাই ঘটলো মার্কিন যুক্তরাষ্ট্রের দুই চোরের বেলায়। চুরির ‘গৌরবগাঁথা’ ফেসবুকে ফলাও করে প্রচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে তারা।
ফ্লোরিডার পাইনক্রেস্টে গত ২৭ মে দু’টি বাড়ি থেকে ৫ লাখ ডলারেরও বেশি মূল্যের জিনিস চুরি করে গ্লেন কলিন্স ও তার সাগরেদরা। তার মধ্যে ছিল একটি নিরীহ স্ত্রু-ড্রাইভারও। নিজেদের সাফল্যের কথা ‘চোর ভাই’দের জানাতে সাত মিনিটের একটি ভিডিও ফেসবুকে আপলোড করে কলিন্সরা। সেই ভিডিও দেখেই তাদেরকে সনাক্ত করে পুলিশ। আর স্ত্রু ড্রাইভারের সূত্র ধরে কলিন্স ও তার সহযোগী মার্কস টেলরের কাছে পৌঁছে যায় তারা।
স্থানীয় পুলিশ কর্মকর্তার কটাক্ষ, কলিন্স যা করেছে তা হল চরম মাত্রার মূর্খতামী। এমন কাণ্ডের পর কেউ গ্রেফতার না হয়ে থাকতেই পারে না।