জাপানি প্রতিষ্ঠান ইনোটেক করপোরেশনের কাছ থেকে সিলিকন ভ্যালিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ফেনক্সের ম্যাধ্যমে কয়েক কোটি টাকা বিনিয়োগ পাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট আজকের ডিল। বাংলাদেশের কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় বিনিয়োগ বলে জানিয়েছে আজকের ডিল কর্তৃপক্ষ।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আজকের ডিল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান, ইনোটেক করপোরেশনের প্রধান নির্বাহী তোশিকো অনু ও ফেনক্সের পার্টনার আবুল নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ফাহিম মাশরুর জানিয়েছেন, আজকের ডিলের পরিচালনার জন্য ও বড় মার্কেটপ্লেস হিসেবে দাঁড়ানোর ক্ষেত্রে এই বিনিয়োগ সাহায্য করবে।
বিনিয়োগের পরিমাণটা না জানালেও তা টাকার হিসাবে ১০ কোটির বেশি হবে বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ফেনক্সের জেনারেল পার্টনার শামীম আহসান জানান, ফেনক্স বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়ন ও স্টার্ট আপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে ইন্টারনেট ও প্রযুক্তি ক্ষেত্রে আরও বিনিয়োগ করবে।