টেলিটক ও হুয়াওয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

 
রাষ্ট্র নিয়ন্ত্রিত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ২জি এবং ৩জি নেটওয়ার্ক ‘আপগ্রেডেশন’ ও সম্প্রসারণের লক্ষ্যে সোমবার চীনা ফার্ম হুয়াওয়ের সাথে ৩৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে।
 
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ এবং হুয়াওয়ের মুখ্য প্রযুক্তি কর্মকর্তা কলিন শি চুক্তিতে স্বাক্ষর করেন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসময় উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, চুক্তি অনুসারে আগামী ১৮ মাসের মধ্যে ৩৯ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে হুয়েই ৬৮৫ ২জি বিটিএস এবং ৫৫৯ নোড-বিএস (৩জি বিটিএস) স্থাপন করবে এবং টেলিটকের নেটওয়ার্ক উন্নয়ন করবে।
 
তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকা পর্যন্ত টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারিত হবে।
 
টেলিটকের নেটওয়ার্ক দেশের প্রত্যেক এলাকায় সম্প্রসারিত করতে ৮ হাজার বিটিএস-এর ট্রয়োজন হবে এ কথা উল্লেখ করে তারানা হালিম বলেন, কিন্তু টেলিটক মাত্র ৩ হাজার ৭৫০ বিটিএস দিয়ে সেবা প্রদান করছে।
 

টেলিটকের নেটওয়ার্ক আপ-গ্রেড ও সম্প্রসারণে লক্ষ্যে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় ২জি এবং ৩জি নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে সরকার আরেকটি প্রকল্প গ্রহণ করেছে।