জাহালমকে নিয়ে সিনেমা নির্মাণের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

ইত্তেফাক রিপোর্ট

পাটকল শ্রমিক জাহালমকে নিয়ে যে কোনো ধরনের সিনেমা বা নাটক তৈরির উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সংস্কৃতি সচিব ও তথ্য সচিবকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। দুদকের এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারওয়ার কাজল উপস্থিত ছিলেন।

দুদক কৌঁসুলি বলেন, জাহালম সংক্রান্ত মামলায় জারিকৃত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নিয়ে সিনেমা, নাটক বা শর্ট ফিল্ম জাতীয় কোনো কিছুই তৈরি করা যাবে না। অর্থাত্ আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। প্রসঙ্গত ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে একটি বেসরকারি টিভি চ্যানেল জাহালমের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ২৬ মামলায় ভুল ব্যক্তি জাহালমকে আসামি করা হয়েছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর তদন্ত করে দুদক। ওই বছরে দেওয়া দুদকের প্রতিবেদনে বলা হয়, এজাহার ও অভিযোগপত্রে বর্ণিত আসামি মো. আবু সালেক ওরফে জাহালম (টাঙ্গাইল) প্রকৃত অপরাধী নয়। অধিকতর তদন্তে দেখা যায় মো. আবু ছালেক (ঠাকুরগাঁও) প্রকৃত অপরাধী। এই মামলায় জাহালমকে চার্জশীটভুক্ত আসামি করা হয়েছে মূলত বিভিন্ন সাক্ষীদের জবানবন্দি ও শনাক্তের ভিত্তিতে।

গত ২ ফেব্রুয়ারি ‘২৬ মামলায় ‘ভুল’ আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না’-শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে পরদিন হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়। এ নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নেন একজন নির্মাতা। পরে হাইকোর্টে এ বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক।