এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা আজ

ইত্তেফাক রিপোর্ট

স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। সারাদেশ থেকে আসা ননএমপিও শিক্ষক-কর্মচারীরা ‘এমপিও চাই, দিতে হবে’, ‘এমপিও ছাড়া বাড়ি ফিরে যাবো না’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে রাখে প্রেসক্লাব এলাকা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করবেন তারা।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত্ করে আমাদের বঞ্চনা-দুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরবো। দীর্ঘদিনের ঝুলে থাকা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভুক্ত করে আমাদের এ অনিশ্চয়তা থেকে অবশ্যই মুক্ত করবেন এটা আমরা বিশ্বাস করি।