বহুজাতিক সার কারখানা কাফকোর মডেলে ছাতক সিমেন্ট কারখানার অব্যবহূত জমিতে একটি অত্যাধুনিক প্রযুক্তির সিমেন্ট কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন্স। এছাড়া প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান জেনারেল ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির (জেমকো) উত্পাদন ক্ষমতা বৃদ্ধি এবং পণ্য বৈচিত্র্যকরণেও বিনিয়োগ করবে। ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিমের সঙ্গে বৈঠককালে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ এন. হিজি এ কথা বলেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, অভ্যন্তরীণ বাজার এবং পরিশ্রমী শ্রমশক্তি বিদেশি বিনিয়োগের জন্য চমত্কার সুযোগ সৃষ্টি করেছে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে সৌদি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করবে। তিনি বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেন। ভারপ্রাপ্ত শিল্পসচিব প্রতিনিধিদের একটি সমন্বিত প্রস্তাব পেশের জন্য পরামর্শ দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি আরব সফরে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ডাইম্যানশন্সের তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব সমঝোতা স্মারকে বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও শিল্পখাতে বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিতকরণের লক্ষ্যে সৌদি আরবের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন্সের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। এ প্রতিনিধিদল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জেমকো এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শন করে বিনিয়োগের প্রাক সম্ভাব্যতা যাচাই করেছে।