বগুড়া থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত রোডমার্চ

স্টাফ রিপোর্টার, বগুড়া

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মরুকরণের হাত থেকে উত্তরবঙ্গকে রক্ষার দাবিতে বাসদ এর উদ্যোগে বুধবার দুই দিনব্যাপী রোডমার্চ শুরু হয়েছে। বগুড়া থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত রোডমার্চ শুরু হয়।

 রোডমার্চের উদ্বোধন উপলক্ষে শহরের সাতমাথায় এক সমাবেশ বাসদ বগুড়া জেলা শাখার আহবায়ক অ্যাড.সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রোডমার্চের উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন। রোডমার্চ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নওগাঁ জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, বগুড়া জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুলসহ নেতৃবৃন্দ। উদ্বোধনী সমাবেশ শেষে একটি মিছিল বগুড়া শহর প্রদক্ষিণ করে রোডমার্চটি তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা শুরু করে। রোডমার্চ মহাস্থানগড়, মোকামতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, পীরগঞ্জ, শঠীবাড়ী, মিঠাপুকুর সমাবেশ করে রংপুরে রাত্রিযাপন করবে এবং ২১ মার্চ সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ, পাগলাপীর, বড়ভিটা, জলঢাকা, চাপানীরহাট এ পথসভা শেষে তিস্তা ব্যারেজ সাধুর বাজার গিয়ে সমাপনী সমাবেশ হবে।