আগস্টেই আসছে গ্যালাক্সি নোট ৭?

'গ্যালাক্সি নোট ৭' নিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো খবরই নেই, কিন্তু এদিকে ঘুম হারাম হয়ে গেছে ফ্যাবলেটটি নিয়ে মেতে থাকা গুঞ্জনকারীদের। তাদের দাবি, ২ আগস্ট ডিভাইসটি উন্মোচন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট, যাতে থাকবে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি!
 
এ পর্যন্ত গ্যালাক্সি নোট ৭ নিয়ে বেশ কয়েক দফা তথ্য ফাঁস হয়েছে অনলাইনে। সর্বশেষ ডিভাইসটির নতুন কিছু তথ্য ফাঁস করেছেন রাশিয়ান টিপস্টার এলডার মার্টাজিন। আর তার ফাঁস করা তথ্য নিয়েই এতো কানাঘুষা চলছে প্রযুক্তিবিশ্বে।
 
আগের ফাঁস হওয়া তথ্য সমর্থন করে এলডার মার্টাজিনের ভাষ্য, ২ আগস্টই প্রকাশ্যে আসবে গ্যালাক্সি নোট ৭। তবে স্মার্টফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির পরিবর্তে থাকবে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে একবার চার্জে সর্বোচ্চ ব্রাইটনেসে ২০ ঘণ্টা ভিডিও চালালেও ডিভাইসটির ব্যাটারি লাইফ ফুরাবে না।
 
মার্টাজিনের দাবি, গ্যালাক্সি নোট ৭ ফ্যাবলেটে যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে তা এই ইঙ্গিত দেয় যে, এর ডিসপ্লে ও সিপিইউ পাওয়ারও খুব উন্নত মানের হবে।
 
একই কথা বলছে গ্যালাক্সি নোট ৭ এর বিগত তিন মাসে ফাঁস হওয়া তথ্য। ওই সব তথ্যে প্রকাশ, ফোনটিতে ৫.৭ ইঞ্চির কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২১ বা স্যামসাংয়ের এক্সিনোজ ৮৮৯৩ এসওসি প্রসেসর, ৬ জিবির র‍্যাম, ২৫৬ জিবির রম, মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা, ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। এর পাশাপাশি ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ৬.০.১ মার্শম্যালো। সূত্র- এনডিটিভি।