আইটি অফিস ভাড়ায় ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের বাড়ি বা অফিস স্পেস ভাড়ার উপর প্রদেয় ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে সংসদে এই ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেন।
 
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে আইটি কোম্পানি কর্তৃক বাড়ি ভাড়া বা অফিস স্পেস ভাড়ার উপর ভ্যাট শতকরা ১৫ শতাংশ করার প্রস্তাব করেছিলেন। বাজেট প্রস্তাব করার পরে তার প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে আইটি কোম্পানি কর্তৃক বাড়িভাড়ার উপর থেকে ভ্যাট সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
 
এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই খাত থেকে ভ্যাট প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়েছে বলেও জানান। প্রধানমন্ত্রীর প্রস্তাবের কথা জানিয়ে ফেসবুকে দেয়া একটি পোস্টে প্রতিমন্ত্রী পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই মাত্র মহান সংসদে আইটি কোম্পান কর্তৃক বাড়ী/ অফিস স্পেস ভাড়ার উপর প্রদেয় ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের জন্য প্রস্তাব করেছেন। ডিজিটাল বাংলাদেশের এমন মহান পৃষ্ঠপোষক পেয়ে আমরা সত্যই ভাগ্যবান।