জামালপুর প্রতিনিধি
জামালপুর সদরের ছবাব আলী ইটাইল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার ছাবাব আলী ইটাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আয়োজনে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আরোবী আক্তার নোভাকে অপহরণকারী পারভেজ ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সহকারী শিক্ষক মহসিন আলী, শিক্ষার্থী সহপাঠী নাদিয়া নুসরাত, মো. লতিফুর রহমানসহ অনেকেই। বক্তারা অবিলম্বে দশম শ্রেণির ছাত্রী অপহরণকারী পারভেজ ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ইটাইল বাজার প্রদক্ষিণ করে।
গত ১৩ মার্চ বিকালে নরুন্দি বাজার কোচিং সেন্টার থেকে দশম শ্রেণির ছাত্রী আরোবী আক্তার নোভা বাড়ি ফেরার পথে পারভেজ ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসে জোরপূর্বক অপহরণ করে অজানা উদ্যেশ্যে নিয়ে যায়। নোভার বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণকারী পারভেজসহ চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত অপহূত নোভাকে উদ্ধার করতে পারেনি।