১০ গ্রামের মানুষের দুর্ভোগ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন-জপসা সড়কের তিনটি সেতু ভাঙা থাকায় দুই বছর যাবত্ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একটি সেতু দুই বছর আগে বন্যায় বিধ্বস্ত হয়েছে। আর দুইটি সেতুর রেলিং ভেঙে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই সড়ক সংস্কার করা হলেও সেতু তিনটি নির্মাণ করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে ওই এলাকার ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে।
নড়িয়ার নশাসন ইউনিয়নের মালতকান্দি গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, আগে মাটির সড়ক ছিল আমরা একভাবে চলাচল করতাম। এরপর পাকা করা হলে ছোট গাড়ি চলাচল শুরু হয়। বেশ ভালোভাবেই চলাফেরা করতাম। এখন সেতুগুলো ভেঙে যাওয়ায় কোনো গাড়ি গ্রামে আসতে পারে না। আমাদের পায়ে হেঁটে চলাচল করতে হয়। কৃষিপণ্য মাথায় করে আনা নেওয়া করতে হচ্ছে।
মাঝিকান্দি গ্রামের ধলু মিয়া বলেন, গ্রামের কেউ অসুস্থ হলে সবচেয়ে অসুবিধায় পড়তে হয়। অসুস্থ শরীর নিয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ যাওয়া কত কষ্টসাধ্য তা অন্য কেউ বুঝবে না। দুই বছরের এ ভোগান্তি কবে শেষ হবে আল্লাহই জানেন।
জপসা ইউনিয়নের কান্দাপারা গ্রামের মোতালেব শেখ বলেন, এই সড়ক দিয়ে ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। পায়ে হেঁটে শিশুদের যেতে অনেক কষ্ট করতে হয়। ১০ গ্রামের কয়েকশ মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করে; কিন্তু কি কারণে সেতু তিনটি মেরামত করা হচ্ছে না তা আমাদের বোধগম্য হয় না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নড়িয়া উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, নশাসন-জপসা সড়কের ছয় কি.মি সড়ক সংস্কার করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত সেতু তিনটি সংস্কারে কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ওই সেতু তিনটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।