রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে বুধবার সাগরিকা আক্তারের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত সাগরিকা উপজেলার মিরাট ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের শিবলু সরদারের স্ত্রী। তার মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা।
নিহতের ভাই বাবলু রহমান বলেন, আমার বোনের স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাদের সংসারে নানা বিষয় নিয়ে কলহ চলছিলো। শিবলু ও তার পরিবারের সদস্যরা আমার বোনকে হত্যা করে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার বোনের হত্যাকারীদের শাস্তি দাবি করছি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।