মিঠাপুকুরে ১৪৪ ধারা জারি

নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা

রংপুর অফিস ও মিঠাপুকুর সংবাদদাতা

মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রংপুরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা জারির  আদেশ জানিয়ে গতকাল বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এলাকায় মাইকিং করা হচ্ছে। আগামী রবিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের নির্বাচন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন অর রশিদ ইত্তেফাককে জানান, বুধবার সকাল থেকে আগামী ২৪ মার্চ ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মিঠাপুকুরের দমদমা ব্রিজ থেকে শঠিবাড়ির ভাবনা ফিলিং স্টেশন পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত প্রতিদিন উপজেলা পরিষদ ও শঠিবাড়ি বাজার এলাকায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ১৪৪ ধারার আদেশ বলবত্ থাকবে। এ আদেশ রংপুর জেলা প্রশাসকের পরামর্শে জারি করা হয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, গত সোমবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মেসবাহুর রহমান মঞ্জুর এক সমর্থকের ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এ ঘটনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেনকে হুকুমের আসামি করে কয়েকজনের নামে থানায় অভিযোগ দেন ওই সমর্থক। মামলা রেকর্ডভুক্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিঠাপুকুর বাসস্ট্যান্ডের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মঞ্জুর সমর্থকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর সদর ও মিঠাপুকুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।