‘নারীর চোখে বাংলাদেশ’ ৫ ভ্রমণকন্যা স্কুটি নিয়ে নেত্রকোনায়

নেত্রকোনা প্রতিনিধি

‘ট্রাভেলেটস অফ বাংলাদেশের ভ্রমণকন্যা’র আয়োজনে নারীর ক্ষমতায়ন, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, বাল্যবিবাহ, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষার বিভিন্ন কৌশল সংক্রান্ত কর্মপন্থা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নেত্রকোনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিবানী সাহা মতবিনিময় সভার উদ্বোধন করেন।  ট্রাভেলেটস অফ বাংলাদেশ এর দুই চিকিত্সকসহ ৫ ভ্রমণকন্যা বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থী ও কিশোরীদের সঙ্গে উপরোক্ত বিষয় নিয়ে কথা বলেন এবং এ সংক্রান্ত সচিত্র ভিডিও চিত্র প্রদর্শিত হয়। এই ৫ ভ্রমণকন্যা হচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজের ডাঃ সাকিয়া হক, ডাঃ মানসী সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলভী রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনতাহা রুম্মান অর্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজী শান্তা। তারা স্কুটি করে সারাদেশের ৬৪ জেলায় এই ধরনের কাজ করবেন বলে জানান। তাদের ভ্রমণের মধ্যে গতকাল বুধবার পর্যন্ত নেত্রকোনা জেলা ছিল ৫২তম জেলা।