মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে হাসান হাওলাদার (২০) নামের এক বখাটেকে তিন মাসের কারাভোগের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত বখাটে হাসান উপজেলার উত্তর মিরুখালী গ্রামের মৃত ইকবাল হাওলাদারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে হাসান উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার এলাকাবাসী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মঠবাড়িয়া থানার ওসি এম শওকত আনোয়ার জানান, বুধবার সকালে সাজাপ্রাপ্ত হাসানকে পিরোজপুর জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।