টাঙ্গাইলের সাত শতাধিক সেচ গ্রাহক বিদ্যুত্ সংযোগ না পাওয়ার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি ও মির্জাপুর সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, টাঙ্গাইল সদর, বাসাইল, সখীপুর, কালিহাতী, ভুয়াপুর, ঘাটাইল, মধুপুর, গোপালপুর ও ধনবাড়ি উপজেলার সেচ গ্রাহকরা সেচ পাম্পে বিদ্যুত্ সংযোগ না পেয়ে চরম বিপাকে পড়েছেন। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মির্জাপুর উপজেলার পৌরসভা ও ১৪ ইউনিয়নের সেচ পাম্পের গ্রাহকরা।

মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পারদীঘি গ্রামের রজব আলী, আজিজ মিয়া, ওয়ার্শি ইউনিয়নের সহিদুর রহমান, ইদ্রিস আলী, ভাওড়া ইউনিয়নের তপন হাসান, রুহুল আমীন, আনাইতারা ইউনিয়নের জুলহাস মিয়া ও সাকোয়াত আলীসহ ২০-২৫ জন সেচ গ্রাহক অভিযোগ করেছেন, মাস্টার প্লানে লাইন নির্মাণ, ট্রান্সফরমার বসানোসহ সকল কাজ সম্পন্ন করার পরও টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর প্রধান কার্যালয়ে এক শ্রেণির দুর্নীতি পরায়ণ কর্মকর্তা-কর্মচারীর চাহিদা মতো মোটা অঙ্কের ঘুষ না দেওয়ায় তাদের সেচ পাম্পের বিদ্যুত্ সংযোগ দেওয়া হচ্ছে না।

টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) রাম সংকর রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মতো যে সব গ্রাহক সেচের জন্য আবেদন করেছেন তাদের সেচ পাম্পে বিদ্যুত্ সংযোগ দেওয়া হচ্ছে। যারা বিভিন্ন অনিয়মের মধ্যে লাইন নির্মাণ করেছেন এবং অফিসে তাদের কোনো কাগজপত্র জমা নেই কেবল তাদের লাইন সংযোগ দেওয়া হচ্ছে না। তবে যাচাই-বাছাই করে তাদেরও বিদ্যুত্ সংযোগ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অফিসের অনিয়ম দুর্নীতি এবং গ্রাহকদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের কথা তিনি অস্বীকার করেন।