১৬ এমপি ফ্রন্ট ক্যামেরার দুটি ফোন উন্মোচন ভিভোর

বৈশ্বিক স্মার্টফোন বাজারে সাশ্রয়ী ডিভাইস সরবরাহের মধ্য দিয়ে জমজমাট ব্যবসা করছে চীনের মোবাইল ডিভাইস নির্মাতারা। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে ভিভো। বেশ কিছু ডিভাইস এনে নজর কেড়েছে এই কোম্পানি। এবার তারা ৪ গিগাবাইট (জিবি) র‍্যামের স্মার্টফোন ভিভো এক্স ৭ ও এক্স ৭ প্লাস উন্মুক্ত করেছে। ৭ জুলাই থেকে ফোন দুটির বিক্রি শুরু হবে।
 
ভিভো এক্স ৭ ও এক্স ৭ প্লাস এর প্রধান বৈশিষ্ট্য হলো দুটি ডিভাইসেই ছবি তোলার জন্য পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল (এমপি) ক্যামেরা ও সেলফি তোলার জন্য সামনে রয়েছে এলইডি ফ্ল্যাশের ১৬ এমপির ফ্রন্ট শ্যুটার ক্যামেরা।
 
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ চালিত ফোন দুটিতে রয়েছে গিগাহার্টজ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমরি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াই-ফাই ও জিপিএস সমর্থন সুবিধা।
 
ডিভাইস দুটির ব্যাটারি ক্যাপাসিটি ও ডিসপ্লের আকারে ভিন্নতা রয়েছে। ভিভো এক্স ৭ স্মার্টফোনে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ও ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। অন্যদিকে, ভিভো এক্স৭ প্লাসে রয়েছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ও ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
 
ভিভো এক্স ৭ প্লাসের দাম জানা যায়নি, তবে ভিভো এক্স ৭ কিনতে গুনতে হবে ৩৭৫ ডলার।