ফরিদগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলন করে চাইলেন নিরাপত্তা

ইত্তেফাক রিপোর্ট

উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে নিজের, কর্মীদের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন ও আইজিপি’র হস্তক্ষেপ কামনা করেছেন একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তার নাম তোফায়েল আহম্মেদ ভূঁঁইয়া। তিনি আগামী রবিবার অনুষ্ঠেয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় আনারস প্রতীকে নির্বাচন করছেন। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। তিনি আহত ও বাড়িতে অবরুদ্ধ থাকায় তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাতিজা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফ হোসেন।

লিখিত বক্তব্যে তোফায়েল আম্মেদ ভূঁইয়ার অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে প্রতিপক্ষরা বেদম মারধর করে। তার লাইসেন্স করা পিস্তল কেড়ে নেয়। তাকে মৃত ভেবে হামলাকারীরা চলে যায়। তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তিনি কিছুটা সুস্থ হয়ে প্রচারণা শুরু করলে তার বাড়িতে কয়েক দফায় হাত বোমা হামলা করা হয়। বাড়িতে অবরুদ্ধ করে রেখা হয়। ১১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৫টি কেন্দ্রই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে দাবি করা হয়। দাঙ্গা-হাঙ্গামা ও ব্যাপক প্রাণহানিরও আশঙ্কা করা হয়।