ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ বললেন, ‘আমার মত অত্যাচারিত, নির্যাতিত ও নিষ্পেষিত রাজনৈতিক নেতা এদেশে আর কেউ নেই। বিনা বিচারে দীর্ঘ ছয়টি বছর নির্জন কারাগারে ছিলাম, কেউ পাশে ছিল না। শত অত্যাচার আমাদের দমাতে পারেনি, শত ষড়যন্ত্র আমাদের ধ্বংস করতে পারেনি। শুধু মনের জোরে এগিয়ে চলেছি। আজ এটাই হয়তো আমার জীবনের শেষ বক্তৃতা।’
গত প্রায় চার মাস ধরে অসুস্থ থাকা এরশাদ গতকাল বুধবার তার ৯০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে ইমান্যুয়েলস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে এরশাদ ৯০ পাউন্ড ওজনের কেক কাটেন। বারিধারার বাসা থেকে গাড়িতে আসার পর হুইল চেয়ারে করে এরশাদকে মঞ্চে নেন নেতা-কর্মীরা। এরপর কয়েকজন ধরাধরি করে তাকে চেয়ারে বসান।
জাপার কথা উল্লেখ করে এরশাদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অবিচার আর অত্যাচারে যে দল ভেঙে পড়ে না, সেই দলকে কেউই ধ্বংস করতে পারবে না। নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, জাপাকে শক্তিশালী করে তোল, যাতে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পার।
অনুষ্ঠানে এরশাদ স্ত্রী ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের বক্তব্যের সময় উপস্থিত নেতা-কর্মীরা বলে ওঠেন, ‘ম্যাডাম, আমাদের দলের মহাসচিব (মসিউর রহমান রাঙ্গা) রংপুরে গিয়ে বলেছেন-দেশে একটি হাসপাতালে স্যারের (এরশাদের) ভুল চিকিত্সা হয়েছে, সেখানে তাকে ক্যান্সারের ইনজেকশন দেওয়া হয়েছে। আপনি এর বিচার চাননি কেন?’ জবাবে রওশন বলেন, ‘এটা নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না।’ অনুষ্ঠান শেষে এ বিষয়ে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আগের অবস্থান থেকে সরে এসে গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে এরশাদের কখনোই ভুল চিকিত্সা হয়নি।’
অনুষ্ঠানে জাপার কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, আজ শপথ নেবার দিন। আমরা শপথ নিচ্ছি, নতুন বাংলাদেশ আমরা গড়বোই। তিনি বড় ভাই এরশাদের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রফেসর মাসুদা এম. রশিদ চৌধুরী এমপিসহ অনেকে উপস্থিত ছিলেন।