মানহানির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট

কোর্ট রিপোর্টার       

মানহানির এক মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান গতকাল বুধবার এই পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে ৩০ এপ্রিল তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রাখেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে এই মানহানির মামলা করা হয়। পরে ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই অভিযোগপত্র আমলে নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত।