নারায়ণগঞ্জ: গ্যাসের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি প্রদান করে বলেন, গ্যাসের মূল্য এক টাকাও যদি বৃদ্ধি করা হয় তাহলে কঠোর আন্দোলন করা হবে। সেই সাথে জেলার সাধারণ মানুষদের সাথে নিয়ে তিতাস গ্যাস অফিস ঘেরাওসহ প্রেসক্লাবের সামনে গণঅনশনের আয়োজন করা হবে। বুধবার বিকালে শহরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণসমাবেশে বক্তারা এই হুঁশিয়ারি প্রদান করেন। সমাবেশে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক রমজানুল রশিদ, সম্পাদক মণ্ডলির সদস্য শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, নারায়ণগঞ্জ জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ঈসমাইল প্রমুখ —তাপস সাহা