আড়াইহাজারে মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

আড়াইহাজারে আল আমিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন চৈতনকান্দা গ্রামের মানিক মিয়ার ছেলে এবং দয়াকান্দা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

আহত আল আমিন জানায়, বুধবার ভোরে মাদ্রাসা থেকে ফজরের  নামাজ পড়তে উঠলে ৫ জন লোক তাকে মুখ বেঁধে ছাদে নিয়ে যায় এবং তার হাত-পা বেঁধে ব্লেড দিয়ে হাত ও পায়ে আঘাত করে। আল আমিন হামলাকারীদের মধ্যে চৈতনকান্দা গ্রামের সালাম ও এনামুলকে চিনতে পেরেছে বলে জানায়।

এ দিকে অভিযুক্ত এনামুলের বাবা সাবেক ইউপি সদস্য আঃ রহমান জানান, আমরা এ ঘটনার সাথে জড়িত নই। আমাদের ফাঁসানোর জন্য এ কাজ করা হয়েছে। এদের সাথে আমাদের পূর্বশক্রতা রয়েছে।

এ ব্যাপারে আল আমিনের বাবা মানিক বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আড়াইহাজার থানার এসআই রফিউদ্দৌলা জানান, ঘটনাটি রহস্যজনক। অধিকতর তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।