অতুলনীয় স্বাদের চিকেন রেজালার রেসিপি

আমরা সকলেই গরু বা খাসির রেজালার সঙ্গে পরিচিত। তবে এই গরমে গরু বা খাসির মাংস খাওয়াটা বেশ যন্ত্রণাদায়ক, কারণ এগুলো দেহের তাপমাত্রা আরো বৃদ্ধি করে। কিন্তু মুরগী খেতে তো সমস্যা নেই। জেনে নেয়া যাক চিকেন রেজালার একদম পারফেক্ট রেসিপি।
 
‪উপকরণ: এক কেজি মুরগীর মাংস, ৩০০ গ্রাম পেঁয়াজ কুচি, ৩. ৫ চা চামচ আদা-রসুন বাটা, পাঁচটি এলাচ, এক চা চামচ মরিচ গুড়া, আধা কাপ ঘন নারকেলের দুধ (সাধারণ দুধ ঘন হলেও চলবে), এক টেবিল চামচ বাদাম বাটা, ৫/৬ টি কাঁচা মরিচ, দুই কাপ টকদই, তিন টেবিল চামচ ঘি, এক চা চামচ ভাঙা মাওয়া, আধা চা চামচ কেওড়া জল, লবণ স্বাদমত।
 
এবার একটি প্যানে মাংস ধুয়ে পানি, লবণ এবং এলাচ দিয়ে সেদ্ধ করুন। মাংস আধা সেদ্ধ হলে এতে দিন কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা, আদা- রসুন বাটা ও বাদাম বাটা। এরপর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। পানি প্রায় শুকিয়ে এলে একটি বাটিতে টকদই, মরিচ গুড়া ও ঘি এক সঙ্গে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিন এবং প্যানে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। আবার একটু শুকিয়ে এলে এতে এক কাপ বা নিজের প্রয়োজন মতো পানি দিয়ে দিন ঘন ঝোল করার জন্য। মাঝারি আঁচে দিয়ে খানিকক্ষণ ঝোল ফুটিয়ে নিন। এরপর দিন কেওড়া জল ও মাওয়া। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এরপর দিন ঘন দুধ। কিছুক্ষণ চুলায় রেখে ঝোল পছন্দমতো ঘন করে নামিয়ে নিন। পরিবেশন করুন।